চাষের জমিতে জল ঢুকে নষ্ট ৫ বিঘা আলুর ফসল, ব্যাপক ক্ষতির মুখে পড়লেন রাজগঞ্জের আলু চাষিরা

রাজগঞ্জ, ১৬ মার্চঃ চাষের জমিতে জল ঢুকে নষ্ট ৫ বিঘা আলুর ফসল, মাথায় হাত রাজগঞ্জের চাষিদের। ব্যাপক ক্ষতির মুখে পড়লেন আলু চাষিরা।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম এলাকায়।


জানা গিয়েছে, দুদিন আগের বৃষ্টির জল এবং সেচ ক্যানালের জল স্থানীয় আলু চাষি বাপি দাস ও নিরঞ্জন দাসের প্রায় ৫ বিঘা আলু চাষের জমিতে ঢুকে পড়ে। ফলে প্রায় এক হাঁটু পর্যন্ত জল জমে যায় জমিতে এবং তাতে আলুর ফসল পচে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ব্যাংক ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে প্রায় তিন মাস আগে আলু চাষ করেছিলেন তারা। এবছর আলুর ফলনও ভালো হয়েছিল। কিন্তু দুদিন আগে হওয়া বৃষ্টি এবং জমির পাশে সেচ ক্যানালের জল জমিতে ঢুকে পড়ায় সমস্ত আলু নষ্ট হয়ে যায়।


চাষিদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে জমিতে জল জমে থাকায় আলু পচে গেছে। এমনিতেই বাজারে আলুর দাম কম, তার ওপর এই ধরনের ক্ষতিতে বড় সমস্যায় পড়েছেন তারা। ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন তা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।

প্রশাসনের কাছে ক্ষতিপূরণ ও সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *