রাজগঞ্জ ২১ মার্চঃ বেলাকোবায় তৃণমূলের প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে আয়োজিত কর্মীসভায় অনুপস্থিত চারবারের বিধায়ক খগেশ্বর রায়, ফের শুরু রাজনৈতিক চর্চা।
শনিবার বেলাকোবার হরিমন্দিরে কর্মীসভার ডাক দেন রাজগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর তথা জলপাইগুড়ি সদর বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস।এদিনের সভায় বিভিন্ন অঞ্চল ও ব্লকের নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও অনুপস্থিত ছিলেন চারবারের বিধায়ক খগেশ্বর রায়। পাশাপাশি দেখা মেলেনি তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, মহিলা সভানেত্রী সর্বানী ধারা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকারের।
এই অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তবে বিষয়টি নিয়ে জল্পনা উড়িয়ে কৃষ্ণ দাস জানান, “আজ রাজগঞ্জ বিধানসভার সমস্ত ব্লক, অঞ্চল কমিটি ও শাখা সংগঠনদের নিয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বিধায়ক অনুপস্থিত প্রসঙ্গে তিনি বলেন,বিধায়ক ও ব্লক সভাপতিকে জানানো হয়েছিল। আজ বিধায়ক এবং আমরা একসঙ্গে অন্য একটি বৈঠকে ছিলাম। আগামী ২৪ তারিখ মুখ্যমন্ত্রী ময়নাগুড়িতে আসছেন, তিনি জেলার চেয়ারম্যান তাই সেই সভার প্রস্তুতি নিয়েই ব্যস্ত রয়েছেন। ব্লক সভাপতিও অন্য একটি বৈঠকে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি।
এদিনের সভা থেকে আত্মবিশ্বাসের সুরে কৃষ্ণ দাস দাবি করেন, রাজগঞ্জ বিধানসভা সহ জেলায় সাতটি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।
এই বিষয়ে রাজগঞ্জ বিধানসভার বিজেপির মিডিয়া কনভেনার তপন রায় জানান, খগেশ্বর রায়ের টিকিট না হওয়ার পেছেনে কৃষ্ণ দাসের অবদান রয়েছে। রাজগঞ্জ বিধানসভা বিজেপি জয়লাভ করছে সেটা প্রার্থীর ঘোষণা হলে বুঝতে পারবেন।
