খড়িবাড়ি, ২০ নভেম্বরঃ পুজোর মরশুম কাটতে না কাটতেই এলাকায় উন্নয়ন কাজ শুরু।গ্রামবাসীদের যাতায়াতের সমস্যার সমাধানে খড়িবাড়িতে শুরু হল জোড়া রাস্তা নির্মাণের কাজ। ৫৭ লক্ষ টাকা ব্যয়ে এসডিআরএফ ফান্ড থেকে রাস্তা দুটি নির্মাণ করা হবে।
এদিন রাস্তা দুটির নির্মাণকাজের সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও। ২.৫০ কিলোমিটার দৈর্ঘ্যের এই দুটি রাস্তার একটি নয়াহাট থেকে উল্লাজোত পর্যন্ত প্রায় ১২০০ মিটার এবং অন্যটি তারিজোত থেকে উল্লাজোত পর্যন্ত আরও প্রায় ১২০০ মিটার রাস্তা নির্মাণ করা হবে।
রাস্তা দুটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে দৈনন্দিন যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে বলে জানান জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও।
দীর্ঘদিনের রাস্তার সমস্যার সমাধানের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। স্থানীয়দের আশা, রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।





