স্ত্রীকে খুন করে তিনদিন পর পুলিশে ফোন! মৃতদেহ উদ্ধার করলো পুলিশ-ফেরার অভিযুক্ত 

শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ স্ত্রীকে খুন করে তিনদিন পর পুলিশকে ফোন করলো স্বামী।ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানা অন্তর্গত শিবমন্দির হালেরমাথা এলাকায়।পুলিশ পৌঁছে মহিলার মৃতদেহ উদ্ধার করেছে।  
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী অরিদ্র ব্যানার্জী আজ সকালে পুলিশকে ফোন করে জানান তিনি তার স্ত্রী দেবলীনা ব্যানার্জীকে খুন করেছেন এবং মৃতদেহ বাড়িতেই রয়েছে।
খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ এবং মাটিগাড়া থানার আইসি মনোজিত সরকার পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।এরপর ফ্ল্যাটের চারতলা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত দেবলীনা ব্যানার্জী স্কুল শিক্ষিকা ছিলেন।অভিযুক্ত স্বামী একজন ব্যাংক কর্মী।কেন এই খুন তা এখনও স্পষ্ট নয়। 
ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রবিবার দুপুরের পর খুন হয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।অভিযুক্তের খোঁজ শুরু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *