বাগডোগরা, ৩ এপ্রিলঃ মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুল ইসলাম ও তার আরেক সঙ্গী আকরামুল বাগানিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিআইডি।
জানা গিয়েছে, ঘটনার পর থেকে পালিয়েছিল মোফাক্কেরুল ইসলাম। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। এরপরেই খোঁজ শুরু করে সিআইডি। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। বাগডোগরা থেকে বেঙ্গালুরুর বিমানবন্দরে পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তের।
এদিন গ্রেফতার করে তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে বাগডোগরা থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সিআইডি তাকে মালদায় নিয়ে যায়।
এদিকে বাগডোগরা থানা থেকে মালদায় নিয়ে যাওয়ার আগে ধৃত আইনজীবী জানান, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের জন্য আন্দোলন চলবে, তিনি সবসময় পাশে থাকবেন। এদিকে ঘটনা পরে একটি ফেসবুকে একটি লাইভ ভিডিও করেন। ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন বলে জানান। যদিও পরবর্তীতে সেই ভিডিওটি ফেসবুক থেকে সরিয়েও নেওয়া হয়।
