ফুলবাড়ি, ১৩ সেপ্টেম্বরঃ এলাকায় নেশার সামগ্রী বিক্রির অভিযোগ, নেশার সামগ্রী বিক্রি বন্ধের দাবিতে রবিবার পথে নামলেন ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের জুগীভিটা এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এলাকার বেশ কয়েকটি বাড়িতে ব্রাউন সুগারের মতো নেশাজাতীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে। এরফলে এলাকার অনেক যুবক নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার কারণে অনেক পরিবারে অশান্তির ঘটনা ঘটছে।
গ্রামবাসীদের আরও অভিযোগ, নেশার টাকা জোগাড় করতে অনেকে বাড়ির জিনিসপত্র পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। নেশার কারণে এলাকায় চুরি বাড়ছে বলেও দাবি তাদের।
এক স্থানীয় বাসিন্দা বলেন, শুধু নেশা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না। যারা নেশার সামগ্রী বিক্রি করছে, তাদের বিরুদ্ধেও পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের অভিযোগ, এই কারবারের কারণে এলাকার ছোট ছেলে-মেয়েদের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে।
এক স্থানীয় মহিলার অভিযোগ, নেশার কারণে অনেক পরিবারে সমস্যা তৈরি হয়েছে। নেশার টাকা জোগাড় করতে কিছু যুবক চুরি করছে বলেও তিনি দাবি করেন।এই কারণে নেশার সামগ্রী বিক্রি বন্ধের দাবি জানান বাসিন্দারা।





