রাজগঞ্জ,১২ ফেব্রুয়ারিঃ মানব কল্যাণে মহাযজ্ঞের আয়োজন বিধায়ক খগেশ্বর রায়ের।ক্রমবর্ধমান পথ দুর্ঘটনার ঘটনায় উদ্বেগের প্রেক্ষিতে মানব কল্যাণে মহা যজ্ঞের আয়োজন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বৃহস্পতিবার রাজগঞ্জের বেলাকোবার পাতিলাভাষা কদমতলা কালী মন্দিরের সামনে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। পথ দুর্ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই নেতার মৃত্যুর ঘটনাও এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।এই পরিস্থিতিতে মানব কল্যাণ ও ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যে মহাযজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞে উপস্থিত ছিলেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরাও। তারা সকলের মঙ্গল ও এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ,রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, বিভিন্ন গ্রামপঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা।
