শিলিগুড়ি, ১৮ মার্চঃ নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃত যুবকের নাম রকি রায় (৩১)।বর্ধমান জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, শিলিগুড়ির সূর্যসেন পার্ক সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল যুবক।খবর পেয়ে পুলিশ পৌঁছে যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
এরপরই যুবককে গ্রেফতার করে পুলিশ।আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে।নির্বাচনের আগে এই ধরনের ঘটনা সামনে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
