শিলিগুড়ি,২০ জানুয়ারিঃ পথ নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বাড়াতে শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর সাব ট্রাফিক গার্ড।
এদিন এই সচেতনতামূলক কর্মসূচিতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি অনির্বাণ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আশিঘর সাব ট্রাফিক গার্ডের ওসি তনয় সরকার, অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং স্কুল কর্তৃপক্ষ।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এদিন পড়ুয়াদের রাস্তায় চলাচলের সময় কী কী করণীয় ও কী কী বর্জনীয়, সে বিষয়ে বিস্তারিতভাবে বোঝানো হয়। বিশেষ করে দুই চাকার যানবাহন চালানোর সময় হেলমেট ব্যবহার বাধ্যতামূলক, ট্রাফিক সিগন্যাল ও নিয়ম মেনে চলা এবং নিরাপদ গতিতে গাড়ি চালানোর উপর জোর দেওয়া হয়।
ট্রাফিক বিভাগের তরফে জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাস এলাকায় ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রুখতেই এই ধরনের সচেতনতা কর্মসূচি অত্যন্ত জরুরি। স্কুল পড়ুয়াদের ছোটবেলা থেকেই ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলে মত প্রকাশ করেন পুলিশ আধিকারিকেরা।
