শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ পোস্টার বিতর্কের ঘটনায় শিলিগুড়ি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।শুনানির পর বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের নিঃশর্ত জামিন মঞ্জুর করলো আদালত।
জানা গিয়েছে, পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি নির্মল দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশের কাজে বাঁধা, কর্তব্যরত অফিসারের সঙ্গে দুর্ব্যবহার,হুমকি সহ বিভিন্ন ধারায় শঙ্কর ঘোষ এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযোগ দায়ের হওয়ার পরই শঙ্কর ঘোষ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তার যুক্তি শোনার পর জামিন মঞ্জুর করে।
জামিন পেয়ে শঙ্কর ঘোষ অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।পোস্টার বিতর্কে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের জেনারেল অবজার্ভারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ।
এই বিষয়ে আইনজীবী জানান, মামলায় নাম থাকা অন্য অভিযুক্তরাও আদালতে আত্মসমর্পণ করেছেন এবং সকলেই জামিন পেয়েছেন।
