সূর্যসেন কলোনির রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ শহরে ফের চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। এবার এনজেপি থানার অন্তর্গত সূর্যসেন কলোনির একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এল। পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ব্লক ‘এ’-তে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, দুষ্কৃতীরা মন্দিরের সিলিং কেটে ভেতরে প্রবেশ করে। এরপর প্রতিমার কপালে থাকা সোনার টিপ ও দানবাক্স ভেঙে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।
রবিবার সকালে মন্দির খুলতে এসে চুরির ঘটনা নজরে পড়ে মন্দির কমিটির সদস্যদের। সঙ্গে সঙ্গে এনজেপি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এনজেপি থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। যদিও কিছু ক্ষেত্রে পুলিশ সাফল্য পেয়েছে, তবুও চোরদের দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ স্থানীয়দের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *