রাজগঞ্জ, ২৫ মার্চঃ বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, “রাস্তা নেই ভোট নেই” হুঁশিয়ারি গ্রামবাসীদের। ঘটনাটি রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকার।
অভিযোগ, কয়েক বছর ধরেই এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একাধিকবার পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। বারবার আশ্বাস মিললেও বাস্তবে রাস্তা কাজ শুরু হয়নি বলেই দাবি গ্রামবাসীদের।
এলাকাবাসীদের কথায়, রাস্তার এই বেহাল দশার কারণে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। কাদা ও জলের কারণে যাতায়াত প্রায় অচল হয়ে পড়ে। স্কুল পড়ুয়া শিশুদের যাতায়াত থেকে শুরু করে জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।
গ্রামবাসীরা আরও জানান, ভোটের আগে নেতারা রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয় না। এমনকি “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্পের মাধ্যমেও রাস্তা তৈরি করা হবে বলে জানানো হলেও সেই কাজও করা হয়নি বলে অভিযোগ। ফলে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। তাই গ্রামবাসিরা ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন।
যদিও এই বিষয়ে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত জানান, রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ফান্ডের অভাবে কাজ শুরু করা যায়নি। এছাড়াও বর্তমানে ভোটের আচরণবিধি কার্যকর থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি আশ্বাস দেন, ভোট পর্ব শেষ হলে ফান্ড এলেই দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে। পাশাপাশি ভোট বয়কটের প্রসঙ্গে তিনি বলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে।
