শিলিগুড়ি, ১ মার্চঃ প্রেমিকের সঙ্গে দেখা করতে বাড়ি ছেড়ে বেড়িয়েছিল অসমের ১৫ বছরের এক নাবালিকা।দালালদের খপ্পরে পড়ে প্রথমে কোচবিহার এবং পরে শিলিগুড়ির রেড-লাইট এরিয়ায় বিক্রি।সেই নাবালিকাকে উদ্ধার করলো পুলিশ।
জানা গিয়েছে, নাবালিকা প্রায় দুমাস আগে অসমের বাড়ি ছেড়ে কোচবিহারে আসে। সেখানে এসে দালালদের খপ্পড়ে পড়ে।এরপর তাকে রেড-লাইট এরিয়ায় বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ।
কোচবিহারে পুলিশের অভিযানের খবর পেয়ে নাবালিকাকে ফের শিলিগুড়িতে এনে বিক্রি করে দেওয়া হয়। খবর পেয়ে শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ির পুলিশ রেড-লাইট এরিয়ায় অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে।
নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আইনি প্রক্রিয়া অনুসারে, নাবালিকাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।সেখানে তার বয়ান রেকর্ড করা হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে রাখা হবে।
এই মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি।নাবালিকাকে বিক্রি এবং যে কিনেছে এমন ব্যক্তিদের খোঁজ শুরু করেছে পুলিশ।এদিকে নাবালিকাকে বাড়ি ফেরাতে অসম পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
