রাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারিঃ এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লক-এর কুকুরজান গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনশ্রী গ্রামের বাসিন্দা জীবন রায়ের বড় মেয়ে একাদশ শ্রেণির এক ছাত্রী। প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফেরে। খাওয়া-দাওয়া সেরে সে নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। তাতেও সাড়া না মেলায় জানালা দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পান, ঘরের ভেতরে মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাজগঞ্জ থানাকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
পরিবারের দাবি, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছাত্রীর। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এবং মোবাইলে নিয়মিত কথা হতো। ঘটনার আগের দিনও তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে জানা গেছে। পরিবারের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কোনও কারণে সে এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।
ঘটনার পর পরিবারের তরফে রাজগঞ্জ থানায় সেই যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
