শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি নিবেদিতা মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে গেল বেশকিছু দোকান। বুধবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ মার্কেটের এক নিরাপত্তারক্ষী প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে দমকল বিভাগ ও দোকান মালিকদের খবর দেওয়া হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একাধিক দোকান আগুনের গ্রাসে চলে যায়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা ও এক পুলিশ কর্মী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল পৌঁছে আগুন নেভায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শিলিগুড়ি ফায়ার স্টেশনের অফিসার ধর্মেন্দ্র কৃষ্ণ রায় জানান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় প্রায় ৫-৬ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
