ফুলবাড়ি, ৫ ফেব্রুয়ারিঃ ফুলবাড়ি তিস্তা লিংক ক্যানেলে চলছে সেতু সংস্কারের কাজ। সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফুলবাড়ি থেকে গজোলডোবা যাওয়ার পথে ছোট নাওয়াপাড়া এলাকায় তিস্তা সেতু বেহাল থাকায় এই সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে।যে কারনে আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সেখান দিয়ে সমস্ত যান চলাচল বন্ধের নির্দেশ জারি করেছে সেচ ও জলপথ দপ্তর।
গোরামোড় থেকে ফুলবাড়ি ক্যানেল রোড সংযোগকারী এই সেতুতে দীর্ঘদিন ধরে ভারী যান চলাচলের ফলে অতিরিক্ত কম্পন সৃষ্টি হচ্ছিল। এর জেরে সেতুর ওয়্যারিং কোর্স ও এক্সপ্যানশন জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেচ ও জলপথ দপ্তরের তরফে জানানো হয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত উক্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে যানবাহনগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। সেতু সংস্কারের কাজ শেষ হলে ফের স্বাভাবিক যান চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে।
