শিলিগুড়িতে ‘হিট অ্যান্ড রান’! বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের-অভিযুক্তের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ 

শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ শিলিগুড়িতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এক যুবককে ধাক্কা ও  প্রাণনাশের হুমকির অভিযোগ উঠলো বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে।এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখালো দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।
অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে ঝংকার মোড় সংলগ্ন এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক যুবক। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌরভ সরকার। দুর্ঘটনার পর আহত যুবককে সাহায্য না করে পাল্টা তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার পরই অভিযুক্তের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।তবে এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা থানার সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, তা নাহলে আন্দোলন জোরদার করা হবে।
যদিও এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *