শিলিগুড়ি, ২মার্চঃ এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি।
অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। শিলিগুড়ির গর্ব তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের নাম বিচারাধীন রয়েছে।এর প্রতিবাদে আজ মিছিল করে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে যান সিপিআইএম কর্মী সমর্থকেরা।সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।এরপর একটি ডেপুটেশনও প্রদান করা হয়।
এই বিষয়ে কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন, সাধারণ মানুষকে এসআইআর সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে।যাদের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে, তা একটি সুপরিকল্পিত চক্রান্ত। নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখা, কোনও রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত না নেওয়া।শিলিগুড়ির গর্ব রিচা ঘোষের নাম বিচারাধীন রাখা হয়েছে।একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নাম কীভাবে এই ধরনের প্রক্রিয়ায় ঝুলে থাকতে পারে, তা বোধগম্য নয় বলে জানান তিনি।
অন্যদিকে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেন, বাম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম ও রিচা ঘোষের নাম বিচারাধীন রাখা হয়েছে। এ ধরনের সংবেদনশীল বিষয়ে নির্বাচন কমিশনের আরও সতর্কতার সঙ্গে দেখা উচিত।এর প্রতিবাদেই আজ আমাদের বিক্ষোভ কর্মসুচি।
