রাজগঞ্জ ৯ মার্চঃ স্ত্রীর অত্যাচারে ঘর ছাড়া স্বামী ও বৃদ্ধা শাশুড়ি।খবরের শিরোনামে আমরা প্রায়ই দেখি স্বামীর অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন স্ত্রী। কিন্তু এবার একেবারে উল্টো ছবি সামনে এল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে।
অভিযোগ, স্ত্রীর অত্যাচারে ঘর ছেড়েছেন স্বামী এবং তার বৃদ্ধা মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের দুন্দি পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুখানি গ্রাম পঞ্চায়েতের দুন্দি পাড়া গ্রামের বাসিন্দা সাইরুল হক তার মাকে নিয়ে বসবাস করতেন। ২০২৩ সালে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী তাদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করেন বলে অভিযোগ সাইরুলের।
এই ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার সালিসি সভাও বসে। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোনও সমাধান মেলেনি বলে জানা গেছে।
সাইরুল হকের দাবি, তার স্ত্রী তাকে প্রাণে মারার হুমকিও দিয়েছেন। এমনকি তাকে বিষ খাইয়ে মারার পরিকল্পনাও করা হয়েছিল বলে অভিযোগ। প্রাণের ভয়ে তিনি বর্তমানে বাড়ি ছেড়ে রয়েছেন এবং রাজগঞ্জ থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, এই বিষয়ে অভিযুক্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বিষয়ে সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় জানান, সাইরুল হকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য একাধিকবার বৈঠক করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।
অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
