অবাধ, শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন! শিলিগুড়িতে নাকা তল্লাশি পুলিশের  

শিলিগুড়ি, ১৮ মার্চঃ কমিশনের নির্দেশ মেনে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছতার সঙ্গে ভোট করতে রাজ্যজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা।সেই অনুযায়ী শিলিগুড়ি শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় চলছে নাকা তল্লাশি অভিযান। 
শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল পানিট্যাঙ্কি মোড়ে এদিন বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায়।চারচাকা গাড়ি সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।গাড়ির নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি বেআইনি নগদ অর্থ, মদ, অস্ত্র বা অন্য কোনো সন্দেহজনক সামগ্রী বহন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।এদিন এই অভিযানে নেতৃত্ব দেন পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি নির্মল দাস।সঙ্গে ছিলেন এসএসটি এর সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে বেআইনি লেনদেন বা প্রভাব খাটানোর চেষ্টা রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।সাধারণ মানুষকেও তল্লাশির সময় সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।আগামী দিনগুলিতেও এই ধরনের নাকা চেকিং অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *