শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির পড়ুয়া শুভজিৎ হত্যা মামলার মূল অভিযুক্ত রাজ পাসওয়ানকে ফের আদালতে পেশ করলো পুলিশ। এদিন অভিযুক্তকে আদালতে পেশ করার সময় মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ফের আদালত চত্বরে বিক্ষোভ দেখায়।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিন শুভজিৎ এর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন।তা সত্ত্বেও, পুলিশ জোর করে তাদের আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে দেয়।মহিলাদেরও ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।এরপর আদালত প্রাঙ্গণের বাইরে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা।
এই বিষয়ে মৃতের ভাই জানান, অভিযুক্ত রাজ পাসওয়ানকে পেছনের গেট দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয় এবং বিচারকের সামনে পেশ করা হয়।শুনানি শেষে আদালত ফের অভিযুক্তের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
