রাজগঞ্জ, ৩০ মার্চঃ দ্বন্দ্ব ভুলে একসাথে কৃষ্ণ দাস–খগেশ্বর রায়।প্রার্থীর সমর্থনে কর্মীদের নিয়ে করলেন বৈঠক।রাজগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে অনুষ্ঠিত কর্মী সভায় উঠে এল ঐক্যের বার্তা।
বেলাকোবার হরিমন্দির প্রাঙ্গণে দেখা গেল দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে একই মঞ্চে হাজির দুই নেতা কৃষ্ণ দাস ও খগেশ্বর রায়কে। শুধু তাই নয়, খগেশ্বর রায়ের কাঁধে হাত রেখে সৌহার্দ্যের ছবি তুলে ধরেন কৃষ্ণ দাস, যা মুহূর্তেই কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করে।
জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে আগামী ১লা এপ্রিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমবাড়ির সুদামগঞ্জে জনসভা করবেন।সভার প্রস্তুতি নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করেন নেতৃত্বরা। পাশাপাশি এই বৈঠকে নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দলের অন্দরের বিভেদ মিটিয়ে একসাথে লড়াইয়ের বার্তাই যে মূল লক্ষ্য, তা স্পষ্ট এই কর্মী সভা থেকে।
