‘বিজেপির বিধায়ক কোনো উল্লেখযোগ্য কাজ করেননি’- প্রচারে গিয়ে অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা

ফুলবাড়ি, ২০ মার্চঃ এলাকার বিজেপির বিধায়ক বিগত পাঁচ বছরে কোনো উল্লেখযোগ্য কাজ করেননি এই অভিযোগ তুলেই নির্বাচনী প্রচারে তৃণমূলের প্রার্থী রঞ্জন শীল শর্মা। শুক্রবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জনশীল শর্মা ফুলবাড়িতে প্রচারে এসে জানান, জয়ী হয়ে এলে তার প্রথম কাজ হবে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকাকে পৌরসভার অন্তর্ভুক্ত করা।
এদিন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলবাড়ি বাজার এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জোরকদমে প্রচার চালান রঞ্জনশীল শর্মা। প্রচারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন শীল শর্মা বলেন, “এই এলাকার উন্নয়ন কার্যত থমকে রয়েছে। সাধারণ মানুষ বহু মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। আমাদের প্রথম লক্ষ্য হবে একবছরের মধ্যে ডাবগ্রাম-ফুলবাড়িকে পৌরসভা করা এবং দীর্ঘদিনের জলের সমস্যার সমাধান করা, যাতে নাগরিক পরিষেবা আরও উন্নত হয়।
তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সরকার উন্নয়নের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর নেতৃত্বে রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই ডাবগ্রাম-ফুলবাড়ির সার্বিক উন্নয়নে জোর দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *