ধূপগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ বন্ধ ট্রাফিক বুথ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে।শুক্রবার সকালে ধূপগুড়ি শহরের কুমলাই সেতু সংলগ্ন একটি পরিত্যক্ত ট্রাফিক বুথের ভেতর থেকে ব্যক্তির দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, ট্রাফিক পুলিশের এই বুথটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আজ সকালে স্থানীয়রা বুথের ভেতরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ধূপগুড়ি ট্রাফিক ওসি সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি ভবঘুরে এবং তাকে মাঝেমধ্যেই আশেপাশের এলাকায় দেখা যেত।তবে বন্ধ ট্রাফিক বুথের ভেতরে কীভাবে ব্যক্তির মৃতদেহ এল, তা নিয়ে উঠছে প্রশ্ন।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
