নির্বাচন নিয়ে রাজগঞ্জে রাজনৈতিক উত্তাপ! খগেশ্বর রায়ের টিকিট না পাওয়া ঘিরে বিতর্ক 

রাজগঞ্জ, ১৮ মার্চঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজগঞ্জে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। চারবারের বিধায়ক খগেশ্বর রায় টিকিট না পাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা ও বিতর্ক। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের তরফে আত্মবিশ্বাসী সুর শোনা গেল দলের নেতাদের বক্তব্যে।
তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাস এদিন বলেন, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। পাশাপাশি তিনি কটাক্ষ করে মন্তব্য করেন, “যাকে দল টিকিট দেয়নি, সে নিজের বুথেই হেরে আছে “।
এদিকে এদিন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের সমর্থনে এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসাহ লক্ষ্য করা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।
এদিন মিছিলের আগে জলপাইগুড়ি সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। এরপর সেখান থেকেই স্বপ্না বর্মণের সমর্থনে বাইক মিছিল শুরু হয়। মিছিলটি রাজগঞ্জের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল কর্মী-সমর্থকরা প্রার্থীর সমর্থনে জয়ের বার্তা দেন এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ের আশা ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *