শিলিগুড়ি, ১৩ মেঃ কেরালায় চার কোটি টাকার নারকোটিক্স মামলায় বড় সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ি থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃতদের নাম হিরণ কে.কে এবং আরোমাল। দুজনেই কেরালার বাসিন্দা।
জানা গিয়েছে, গত মাসে কেরালায় একটি বড়সড় মাদক পাচার চক্রের হদিশ মেলে। সেই ঘটনায় এই দুই অভিযুক্তের নাম উঠে আসার পর থেকেই তারা পলাতক ছিল। তাদের ধরতে কেরালা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি অভিযান শুরু করে।
তদন্তে প্রথমে জানা যায় অভিযুক্তরা গুজরাটে লুকিয়ে রয়েছে।সেই সূত্র ধরে সেখানে পৌঁছয় কেরালা পুলিশের দল। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, অভিযুক্তরা গুজরাট ছেড়ে শিলিগুড়িতে পালিয়ে এসেছে।
শিলিগুড়ির সেবক রোড এলাকায় গা ঢাকা দিয়েছিল তারা।এরপর কেরালা পুলিশের দল ভক্তিনগর থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান চালায়। গ্রেফতার করা হয় দুজনকে।
বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।ট্রানজিট রিমান্ডে নিয়ে তাদের কেরালায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেরালা পুলিশ।
