রাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারিঃ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
বুধবার রাজগঞ্জ ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত কুকুরজান, সন্ন্যাসীকাটা, বিন্নাগুড়ি ও মান্তাদাড়ি এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই কাজগুলির সূচনা করা হয়।
জানা গিয়েছে, বিন্নাগুড়ি অঞ্চলে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। আবেদনকারীদের প্রস্তাবের ভিত্তিতে রাস্তা নির্মাণ ও সংস্কার, পানীয় জল সরবরাহ, ড্রেনের ব্যবস্থা, পথবাতি সহ একাধিক জনকল্যাণমূলক কাজ করা হবে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, উত্তরা বর্মন, গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান সমিজুউদ্দিন আহমেদ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
