আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে উলের পোশাক ও সামগ্রী! এই শিল্পকেই আঁকড়ে ধরে স্বপ্নের পথ তৈরি করছেন তরুণী

শিলিগুড়িঃ শীত আসলেই মনে পড়ে ছোটবেলার উলের তৈরি জামাকাপড়ের কথা।আধুনিকতার ছোঁয়ায় আজকের দিনে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হাতে তৈরি উলের পোশাক ও সামগ্রী।তবে সেই হারিয়ে যেতে বসা শিল্পকেই আঁকড়ে ধরে নিজের স্বপ্নের পথ তৈরি করছেন এক তরুণী।


সবে কলেজ পাশ করেছেন একটিয়াশাল ক্ষুদিরাম পল্লী এলাকার পড়ুয়া পপি রায়।নিজের উপর বিশ্বাস রেখে একে একে তৈরি করে চলেছেন নানা ধরনের উলের সামগ্রী।সোয়েটার, জ্যাকেট, মাফলার থেকে শুরু করে, বালিশ, এমনকি উল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফুলের তোড়াও বানান তিনি।খুবই কম দামে এই সব সামগ্রী বিক্রি করেন পপি।

পপি জানান, প্রথমে এই কাজ শিখেছেন তার মায়ের কাছ থেকে।পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও নতুন নতুন ডিজাইন ও কৌশল রপ্ত করেন।সরকার অনেক প্রকল্প দেয়।যদি এই ধরনের কাজের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করা হয়, তাহলে আরও অনেক মানুষ এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন।


পপি আরও বলেন, কেউ যদি এই কাজ শিখতে চান, তিনি নিজে হাতে কলমে শেখাতেও প্রস্তুত।তার মতে, যারা সারাদিন বাড়িতে থাকেন বা অকারণে মোবাইল ফোনে সময় নষ্ট করেন, তারা যদি এই কাজ শিখে নেন, তাহলে নিজের উপার্জনের পথ খুলে যেতে পারে।

বর্তমানে শীতের মরসুমে প্রায় ৪–৫ মাস উলের তৈরি সামগ্রীর চাহিদা বেশি থাকলেও, সারা বছরই কমবেশি এই কাজের চাহিদা থাকে বলে জানান পপি।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *