শিলিগুড়ি,২৯ জানুয়ারিঃ জ্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হল আজ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, বিদ্যালয়ের, প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ প্রাক্তন শিক্ষিকারা, স্থানীয় কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও শিক্ষিকাদের তরফে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অতিথিরা বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষা-ঐতিহ্য ও ছাত্রীদের সাফল্যের প্রশংসা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বনানী রায় জানান, আর মাত্র দুবছর পর আমাদের বিদ্যালয়ের শততম বর্ষ পূর্তি হবে।সেই লক্ষ্যেই আমরা ৯৮তম বর্ষ থেকেই ধাপে ধাপে প্রস্তুতি শুরু করেছি। আমাদের ইচ্ছে, বিদ্যালয়ের ছাত্রীদের নিয়েই শততম বর্ষের অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে সফল করে তোলা।
তিনি আরও জানান, আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশ এবং ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
