২২ বছরের দ্বাদশ শ্রেণীর ছাত্র, টাকার লোভে গাঁজা পাচার করতে গিয়ে ধৃত শিলিগুড়িতে

শিলিগুড়ি,৫ ফেব্রুয়ারিঃ  টাকার লোভে দ্বাদশ শ্রেণির এক ছাত্র জড়িয়ে পড়ল মাদক পাচারের জালে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ বিহারের বৈশালি জেলার বাসিন্দা ২২ বছরের যুবক নবীন কুমারকে গ্রেপ্তার করেছে।


গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায়। সেই সময় বিহারগামী বাসের অপেক্ষায় থাকা নবীন কুমারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার সঙ্গে থাকা তিনটি ব্যাগ থেকে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, কোচবিহার থেকে গাঁজা শিলিগুড়িতে আনা হয়েছিল। এর পরে বিহারে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল নবীন কুমারের উপর। টাকার বিনিময়ে ‘ডেলিভারি ম্যান’ হিসেবে কাজ করছিল সে। পাচারের আগেই পুলিশের তৎপরতায় পুরো পরিকল্পনা ভেস্তে যায়।


প্রধাননগর থানার পুলিশ নবীন কুমারের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করেছে। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পাশাপাশি এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *