জলপাইগুড়ি, ৩১ অক্টোবরঃ আধার কার্ডের টোকেন সংগ্রহ করতে জলপাইগুড়ি প্রধান ডাকঘরের সামনে ভিড়। আধার সংক্রান্ত কাজ করাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি সাধারণ মানুষের।
জানা গিয়েছে, শনিবার সকাল থেকে জলপাইগুড়ি প্রধান ডাকঘরের সামনে প্রচুর মানুষের ভিড় জমে। কেউ রাত ৩টে, আবার কেউ ভোর ৪টে থেকেই লাইনে দাঁড়ান। আধার কার্ডের ভুল সংশোধন, তথ্য আপডেট ও শিশুদের আধার সংক্রান্ত কাজ করাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রধান ডাকঘর থেকে আশপাশের রাস্তা পর্যন্ত পৌঁছে যাচ্ছে লাইন।পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় কোতোয়ালি থানার পুলিশ।
ডাকঘর সূত্রে জানা গিয়েছে, সাধারণত সকাল ১০টায় ডাকঘর খোলার কথা থাকলেও ভিড়ের কথা মাথায় রেখে সকাল ৮টা থেকেই ছটি কাউন্টারে টোকেন দেওয়ার কাজ শুরু হয়। তবুও ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।
লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের অভিযোগ, প্রতিমাসেই একই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। দ্রুত ও সুষ্ঠুভাবে আধার পরিষেবা দেওয়ার পাশাপাশি লাইনের সঠিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন মানুষ।





