শিলিগুড়ি, ৩১ অক্টোবর: নাবালিকা শ্যালিকাকে একাধিকবার ধর্ষণ।এর জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা।ঘটনায় গ্রেফতার হল জামাইবাবু। ধৃতের নাম সোনু মুন্ডা।আলিপুরদুয়ারের বাসিন্দা। নির্যাতিতা বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৪ অক্টোবর নির্যাতিতার বাবা প্রধাননগর থানায় অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, শ্বশুরবাড়িতে থাকার সময় তার নাবালিকা মেয়েকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। এর জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে প্রধাননগর থানার পুলিশ।এদিকে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই গা-ঢাকা দেয় অভিযুক্ত।
মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের খোঁজ মেলে।অবশেষে গতকাল রাতে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গ্রেফতারের পর আজ তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।





