শিলিগুড়ি,৩১ অক্টোবরঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই আলোর উৎসবে মাতবে আট থেকে আশি সকলেই। দীপাবলিকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু হয়েছে ঘরে ঘরে। বাড়ির আঙিনা থেকে ছাদ, বারান্দা, দোকানপাট থেকে রাস্তাঘাট—আলোকসজ্জায় সেজে উঠবে গোটা শহর। আর সেই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠছে শিলিগুড়ির বিভিন্ন বাজার।
দীপাবলির কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আলোকসজ্জার সম্ভার নিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা। এলইডি লাইট, টুনি বাল্ব, বৈদ্যুতিক প্রদীপ, মোমবাতি থেকে শুরু করে লেজার লাইট—সবই মিলছে বাজারে। বিদেশি আলোকসজ্জার পাশাপাশি রয়েছে দেশীয় পণ্যের সম্ভারও। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন রং, নকশা ও ডিজাইনের আলো সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
শিলিগুড়ির বিধান মার্কেট, হংকং মার্কেট, হকার্স কর্নার-সহ শহরের বিভিন্ন বাজারে শুরু হয়েছে আলোকসজ্জার কেনাকাটা। পাইকারি ও খুচরো—দুই ধরনের বাজারেই মিলছে নানা রকমের আলো। ক্রেতাদের বাজেটের কথা মাথায় রেখে রাখা হয়েছে বিভিন্ন দামের সামগ্রী।
বাজারে এলইডি টুনি বাল্বের দাম শুরু হচ্ছে প্রায় ৪০ টাকা থেকে। পাশাপাশি ক্রেতাদের নজর কাড়ছে বিভিন্ন রঙের এলইডি স্ট্রিপ, স্টার ডিজাইনের আলো এবং বাহারি নকশার টুনি বাল্ব। বাড়ি সাজাতে অনেকেই বেছে নিচ্ছেন রঙিন বৈদ্যুতিন আলো। আবার ঐতিহ্য বজায় রাখতে মাটির প্রদীপ ও মোমবাতির দিকেও ঝুঁকছেন অনেকে। ফলে আধুনিক আলোকসজ্জার পাশাপাশি প্রথাগত সামগ্রীর চাহিদাও রয়েছে বাজারে।
দীপাবলির আগে বাজারে আলোকসজ্জার এমন বৈচিত্র্য দেখে খুশি ক্রেতারাও। পছন্দের পাশাপাশি সাধ্যের মধ্যে সামগ্রী কিনতে বাজার ঘুরে দেখছেন অনেকেই। উৎসব যত এগিয়ে আসবে, কেনাকাটার ভিড় ততই বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের আশা, পূজোর আগে আলোকসজ্জার বিক্রি আরও বাড়বে। দীপাবলিকে কেন্দ্র করে ভালো ব্যবসার আশায় রয়েছেন তারা।





