শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ লক্ষ্মীপুজোর দিন বাড়ি থেকে সোনার গয়না চুরির সন্দেহে ভাইয়ের স্ত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে দাদাকে গ্রেফতার করল মহিলা থানার পুলিশ। ধৃতের নাম উত্তম মণ্ডল।কাওয়াখালির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুজোর দিন উত্তম মণ্ডলের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। অভিযোগ, চুরির সন্দেহে তিনি তার ছোট ভাইয়ের স্ত্রীর উপর চড়াও হন এবং তাকে মারধর করে প্রাণে মারার চেষ্টা করেন। এই হামলায় মহিলা গুরুতর জখম হন। ঘটনার পর তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর নির্যাতিতা মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে উত্তম মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রজু করেছে পুলিশ। শনিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





