শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের মাধ্যমে ব্ল্যাকমেল করে ৯১ লক্ষ টাকারও বেশি সাইবার প্রতারণার ঘটনায় তদন্তে গতি আনলো প্রধাননগর থানার পুলিশ। শুক্রবার ধৃত তরুণী মনীষা মণ্ডলকে সঙ্গে নিয়ে সেবক রোডের একটি ব্যাঙ্কে পৌঁছয় পুলিশ। ওই ব্যাঙ্কেই তরুণীর অ্যাকাউন্ট রয়েছে।
অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা কীভাবে জমা পড়ল এবং সেই টাকা কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ব্যাঙ্কের কোনো কর্মীর এই প্রতারণার ঘটনায় যোগসাজশ রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ‘অপারেশন সাইবার প্রহার’-এর অধীনে গত ২৬ অক্টোবর মনীষা মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। প্রায় এক মাস ধরে তদন্ত চালানোর পর ওই তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত একাধিক সন্দেহজনক লেনদেনের হদিস মেলে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই অ্যাকাউন্টে মোট ৯১ লক্ষ ২১ হাজার ৮০৮ টাকা জমা পড়েছিল।
অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো। শুক্রবার ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের লেনদেন, টাকা জমা এবং অন্য অ্যাকাউন্টে স্থানান্তরের প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশ।
তবে এই ঘটনায় ব্যাঙ্ককর্মীদের কোনও যোগসাজশ রয়েছে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।প্রতারণা চক্রের নেটওয়ার্ক এবং প্রতারণার টাকার উৎস খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।





