শিলিগুড়ি, ৩০ অক্টোবর: ভারত সরকারের অ্যান্টি ক্রাইম ব্যুরোর ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে ওয়েবেল আইটি পার্কে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম শেখর সাহা ওরফে বাবাই।শিলিগুড়ির প্রধাননগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাটিগাড়ার পরিবহণ নগরে অবস্থিত ওয়েবেল আইটি পার্কে পৌঁছায় অভিযুক্ত। সেখানে নিজেকে ভারত সরকারের অ্যান্টি ক্রাইম ব্যুরোর আধিকারিক বলে পরিচয় দেয় সে।অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে আইটি পার্কের আধিকারিক ও কর্মীদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে।
অভিযুক্তের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আইটি পার্ক কর্তৃপক্ষ দ্রুত মাটিগাড়া থানায় খবর দেন। তবে পুলিশ পৌঁছনোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনায় আইটি পার্ক কর্তৃপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার সকালে মাটিগাড়া এলাকা থেকে শেখর সাহাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ভারত সরকারের অ্যান্টি ক্রাইম ব্যুরোর একটি ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





