শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ শিলিগুড়ির মহাবীরস্থান রেলগেট বন্ধ করে দেওয়ার সম্ভাবনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। রেলগেট বন্ধ হয়ে গেলে এলাকার হকার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং মহাবীরস্থান, হকার্স কর্ণারে ব্যবসায প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে মহাবীরস্থান রেলগেট এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
এদিন তিনি ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে রেলগেট সংলগ্ন এলাকা ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। সম্প্রতি রেল সূত্রে মহাবীরস্থান রেলগেট বন্ধ করে দেওয়ার সম্ভাবনার খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে।
ব্যবসায়ীদের আশঙ্কা, রেলগেট বন্ধ হয়ে গেলে এলাকার মানুষের যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি ক্রেতাদের আনাগোনা কমে গেলে হকার ও স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে। সেই কারণেই রেলের সিদ্ধান্তের বিরোধিতা করে নিজেদের দাবি তুলে ধরছেন তারা।
এদিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর শঙ্কর ঘোষ জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেছেন। পাশাপাশি দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং রেলের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে জানান তিনি।
ব্যবসায়ীদের সমস্যার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে শহরের মোট নয়টি বাজার কমিটির সদস্যদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে, যা রেল কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে জানান বিধায়ক। আগামী দিনে বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবেও নিজের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরবেন তিনি।
মহাবীরস্থান রেলগেট বন্ধের সম্ভাবনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যবসায়ীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাতে রেল কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।





