শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ রাতের অন্ধকারে গুলি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীর সোনা ও টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। গতকাল রাতের এই ঘটনার পর তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
আজ সকাল থেকেই ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং আশিঘর ফাঁড়ির পুলিশ। এলাকার বিভিন্ন অলিগলি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার কিনারা করতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আগে এমন ঘটনার সম্মুখীন হতে হয়নি তাদের। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।




