শিলিগুড়ি, ২৯ অক্টোবর: শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোডে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে সোনা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উত্তম সরকারের কাছ থেকে সোনা ও নগদ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনতাই করে নেয় চার দুষ্কৃতী। বাধা দিতে গেলে তাঁকে হেনস্তা করা হয় এবং পালানোর সময় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
ব্যবসায়ীর দাবী, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা এবং দেড় থেকে দুই লক্ষ টাকা নগদ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
শান্তিনগর এলাকায় বারবার এমন অপরাধের অভিযোগে নিরাপত্তা ও পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।





