গজলডোবা, ২৮ অক্টোবরঃ খুঁটিপুজোর মধ্য দিয়ে গজলডোবার টাকিমারিতে ২৮তম রাসমেলা এবং উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের প্রস্তুতি শুরু হল।
রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের টাকিমারিতে নব মিলন যুব সংঘ ও টাকিমারি বাজার কমিটির উদ্যোগে আয়োজিত হতে চলেছে এই উৎসব।
উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর রাস উৎসবের পর ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা ও বাউল উৎসব। সাতদিনের এই উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা অংশ নেবেন। লোকসংস্কৃতির প্রসার এবং বাংলার ঐতিহ্যবাহী বাউল সংগীতকে তুলে ধরাই এই উৎসবের অন্যতম আকর্ষণ।
বুধবার খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই মণ্ডল, মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান চৈতন্য বারুই, মেলা কমিটির সম্পাদক মদন বর্মন, সুজিত দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।





