শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের মাধ্যমে ব্ল্যাকমেল করে সাইবার প্রতারণার অভিযোগে এক যুবতীকে গ্রেফতার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। ‘অপারেশন সাইবার প্রহার’-এর অধীনে এই অভিযান চালানো হয়। ধৃত যুবতীর নাম মনীষা মণ্ডল।খড়িবাড়ির বাসিন্দা।বাতাসিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে প্রধাননগর থানার পুলিশ। প্রায় এক মাস ধরে তদন্ত চালানোর পর সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিস মেলে। সেই সূত্র ধরেই অভিযুক্ত যুবতীকে গ্রেফতার করা হয়।
তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার মাধ্যমে মোট ৯১ লক্ষ ২১ হাজার ৮০৮ টাকা জমা পড়েছিল বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেল করার অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গ্রেফতারের পর অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।ধৃত যুবতীকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।গোটা ঘটনার তদন্তে পুলিশ।





