শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ শিলিগুড়ি জংশন রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মঙ্গলবার রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ স্টেশন পরিদর্শন করে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এদিন স্টেশনের আধুনিকীকরণ-সহ বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য দেন তিনি।
ডিআরএম জানান, অমৃত ভারত যোজনার আওতায় শিলিগুড়ি জংশন স্টেশনকে আধুনিক সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলা হচ্ছে। স্টেশনের বাইরে থাকা বুকিং কাউন্টার ইতিমধ্যেই নতুন ভবনের ভেতরে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন-সহ একাধিক কাজ চলছে।আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হলে যাত্রীরা লিফট-সহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা পাবেন।
অন্যদিকে, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন ডিআরএম।
এদিকে দুর্গাপুজোর কারণে শিলিগুড়ি টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ফের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডিআরএম।
শিলিগুড়িতে প্রস্তাবিত ডবল লাইন রেল প্রকল্প নিয়েও জানান ডিআরএম। তিনি জানান, প্রকল্পের কাজ দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।





