শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ মঙ্গলবার সকালে শিলিগুড়ির এসএফ রোডে একটি চলন্ত পণ্যবাহী গাড়িতে অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। তবে চালকের তৎপরতা এবং দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছে, পণ্যবাহী গাড়িটিতে কার্টন বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় নৌকাঘাটের কাছে আচমকাই গাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে চালক গাড়িটি এসএফ রোডে অবস্থিত দমকল কেন্দ্রের কাছে নিয়ে যান।
খবর পেয়েই দমকলকর্মীরা দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। চালকের সতর্কতা এবং দমকলকর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
তবে কী কারণে গাড়িটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান।





