শিলিগুড়ি, ১৬ অক্টোবর: বয়স মাত্র ১৬ বছর। কথা বলতে পারে না ঠিকভাবে, তবে নিজের শিল্পকর্মের মাধ্যমে নীরবেই প্রতিভার পরিচয় দিচ্ছে শিলিগুড়ির জ্যোতিনগরের কিশোর রুদ্র রায়। রুদ্র নিজের হাতে তৈরি করেছে ছোট্ট এক দুর্গাপ্রতিমা। প্রতিমার গড়ন থেকে শুরু করে রং ও সাজসজ্জা—সবকিছুতেই ফুটে উঠেছে তার সৃজনশীলতা ও শিল্পের প্রতি গভীর ভালোবাসা।
মাত্র এক বছর আগে প্রতিমা তৈরির কাজে হাতেখড়ি হয় রুদ্রর। বাড়ির বারান্দায় ছোট ছোট প্রতিমা তৈরির মধ্য দিয়েই শুরু হয় তার শিল্পচর্চা। বর্তমানে নিজের আগ্রহ ও অধ্যবসায়কে সঙ্গী করে ধীরে ধীরে এই কাজে দক্ষ হয়ে উঠছে সে।
রুদ্রর বাবা দীনেশ রায়ের কাছ থেকেই প্রতিমা তৈরির অনুপ্রেরণা পায় সে। নিজের ইচ্ছেতেই একদিন শিলিগুড়ির কুমোরটুলিতে গিয়ে কাছ থেকে প্রতিমা তৈরির কাজ দেখেছিল রুদ্র।তা দেখেই নিজের হাতে কাজ শুরু করার আগ্রহ জন্মায় তার। এরপর বাড়িতে ফিরে নিজেই মাটি দিয়ে প্রতিমা তৈরির চেষ্টা শুরু করে। ধীরে ধীরে প্রতিমার গড়ন দেওয়ার পাশাপাশি রং করা ও সাজসজ্জার কাজও শিখে নেয় সে।প্রতিমা তৈরির পাশাপাশি সাজসজ্জার দিকেও বিশেষ নজর রয়েছে রুদ্রর।
রুদ্রর এই শিল্পচর্চা শুধু একটি প্রতিমা তৈরির গল্প নয়, বরং ইচ্ছাশক্তি, আগ্রহ ও সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। শারীরিক সীমাবদ্ধতা তার প্রতিভার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং নিজের ভালো লাগাকে সঙ্গী করেই এগিয়ে চলেছে সে।





