শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর বিজয়ী পুজো কমিটিগুলির নাম ঘোষণা করা হল। শিলিগুড়ি সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ চারটি পৃথক বিভাগে নির্বাচিত মোট ১২টি দুর্গাপুজো কমিটির নাম ঘোষণা করেন। প্রত্যেক বিজয়ী কমিটিকে ট্রফির পাশাপাশি ৫০ হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে।
এবছর সেরা পুজো বিভাগে শিলিগুড়ির মিত্র সম্মেলনী, দাদাভাই এবং উত্তরায়ণ দুর্গাপুজো কমিটি নির্বাচিত হয়েছে। অন্যদিকে, সেরা প্রতিমা বিভাগে সম্মানিত হচ্ছে দার্জিলিং চৌরাস্তায পুজো, শিলিগুড়ির ভারতনগর তরুণ তীর্থ ক্লাব এবং কার্শিয়াংয়ের সঞ্জীবনী সংঘ।
সেরা মণ্ডপ বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে রথখোলা স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ এবং খড়িবাড়ি যুব সম্প্রদায়। পাশাপাশি সেরা সমাজ সচেতনতা বিভাগে সম্মান পাচ্ছে লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গাপুজো কমিটি, শিলিগুড়ির সংঘশ্রী এবং সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব।
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, দুর্গাপুজোর আয়োজন, প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করা পুজো কমিটিগুলিকে উৎসাহিত করাই এই পুরস্কারের মূল উদ্দেশ্য। চারটি বিভাগে নির্বাচিত কমিটিগুলিকে তাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই সম্মানিত করা হচ্ছে বলে জানান তিনি।





