শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ মোবাইল টাওয়ার থেকে তামার তার চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া তামার তার উদ্ধার হয়েছে। ধৃতের নাম বিকি নাগ। ইসকন মন্দির এলাকার বাসিন্দা।
অভিযোগ, গত ১৬ অক্টোবর ভোররাতে দেবীডাঙা এলাকার একটি টাওয়ার থেকে তামার তার চুরি হয়। টাওয়ার কর্তৃপক্ষের তরফে থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে প্রধাননগর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় জানতে পারে পুলিশ। এরপর চুরি যাওয়া তামার তার বিক্রি করার সময় মাল্লাগুড়ি এলাকা থেকে বিকি নাগকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া তামার তার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধাননগর থানায় টিন কেটে চুরির একটি পুরনো মামলাতেও অভিযুক্ত পলাতক ছিল। শনিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।





