শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ দূর্গাপুজোর মরশুমে দার্জিলিংয়ে আসা পর্যটকদের সুবিধার্থে ডিজিটাল ট্যুরিজম অ্যাপ চালু করলো জেলা প্রশাসন। মাত্র তিনদিনের মধ্যে তৈরি এই অ্যাপের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। সার্কিট হাউসে অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাপটির উদ্বোধন করা হয়।
নতুন এই অ্যাপের মাধ্যমে পর্যটকরা দার্জিলিং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র, ঐতিহাসিক নিদর্শন এবং হেরিটেজ স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গে পর্যটকদের ব্যাপক ভিড় হয়। সেই পরিস্থিতিতে পর্যটনস্থল সম্পর্কে সহজে তথ্য পাওয়া এবং ভ্রমণের পরিকল্পনা তৈরির ক্ষেত্রে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন।
অ্যাপটি তৈরির জন্য জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে আধিকারিকরা এই অ্যাপ তৈরি করে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য এটি একটি উপহার বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গে পর্যটনের কথা উঠলেই প্রথমে দার্জিলিংয়ের নাম উঠে আসে। তবে এই অঞ্চলে এমন অনেক পর্যটনকেন্দ্র ও ঐতিহাসিক স্থান রয়েছে, যেগুলি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট প্রচার নেই। ডিজিটাল ট্যুরিজম অ্যাপের মাধ্যমে সেই সমস্ত স্থানকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করে তোলা সম্ভব হবে।
শুধু দার্জিলিং নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও একই ধরনের ডিজিটাল ট্যুরিজম অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে রাজ্যের পর্যটন ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করা হবে।





