শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। পুজোর প্রস্তুতি, নিরাপত্তা ও নাগরিক পরিষেবা নিয়ে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। বৈঠকে পুলিশ, শিলিগুড়ি পুরনিগম, স্বাস্থ্য, জিআরপি, বিদ্যুৎ ও দমকল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুজোয় মানুষের সুবিধার্থে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সহায়তা কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম সক্রিয় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি, বর্ষার মরশুমে ডেঙ্গি সংক্রমণ রুখতে বিশেষ উদ্যোগ নেওয়ার উপর জোর দেওয়া হয়। এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন এলাকায় জমে থাকা জল ও আবর্জনা পরিষ্কারের নির্দেশনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে বিকল্প রাস্তা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিধান মার্কেট ও কলেজপাড়ার মতো স্পর্শকাতর এলাকায় যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দমকলের গাড়ি প্রস্তুত রাখার বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ আশা প্রকাশ করেন, পুজো কমিটি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে শিলিগুড়িতে দুর্গাপুজো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হবে।





