শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ হোটেলের ভাড়া না মেটানো এবং বকেয়া টাকা চাইতে গেলে হোটেল কর্তৃপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম তৃণা ভট্টাচার্য।দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দুমাস আগে কোনও কাজের সূত্রে শিলিগুড়িতে এসেছিলেন তৃণা ভট্টাচার্য। সেইসময় তিনি গুরুংবস্তি মোড় সংলগ্ন একটি হোটেলে ছিলেন।
হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় দুমাস হোটেলে থাকলেও ভাড়া মেটাচ্ছিলেন না মহিলা। ফলে তার প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা ভাড়া বকেয়া হয়ে যায়।
অভিযোগ, বকেয়া টাকা চাইলে হোটেল কর্তৃপক্ষকে একটি চেক দেন তৃণা। কিন্তু ব্যাঙ্কে জমা দেওয়ার পর সেই চেক বাউন্স করে। এরপর হোটেল কর্তৃপক্ষ তার কাছে বকেয়া টাকা দাবি করলে, তাদের বিরুদ্ধে মহিলা মিথ্যা অভিযোগ করার হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ।
এরপর গতকাল প্রধাননগর থানায় ওই মহিলার বিরুদ্ধে প্রতারণা, হুমকি-সহ একাধিক অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন হোটেল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে হোটেল থেকেই তৃণা ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। কী কারণে তিনি শিলিগুড়িতে এসেছিলেন এবং হোটেলে থাকার পিছনে তার উদ্দেশ্য কি, তা এখনও স্পষ্ট নয়।গোটা ঘটনার তদন্তে প্রধাননগর থানার পুলিশ।





