শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ পুজোর মরশুমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পুজোর সময় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক ঘটনা রুখতে রাতভর টহলদারি চালানো হচ্ছে।
নজরদারির জেরেই চতুর্থীর রাতে বড়সড় অপরাধের ছক বানচাল করলো ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। এই ঘটনায় অস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ভক্তিনগর থানার অন্তর্গত একটি নির্জন এলাকায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। সেখানে বসেই অপরাধমূলক ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল তারা।এলাকায় টহল দেওয়ার সময় পুলিশের নজরে আসে বিষয়টি।
পুলিশকে আসতে দেখে ঘটনাস্থল থেকে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায়। তবে তিনজনকে ধরতে সক্ষম হয় পুলিশ।ধৃতদের নাম গুড্ডু সাহা, অলোক রায় এবং চাঁদ শেখ। তিনজনই ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত তিনজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।





